শিল্পি কার্ড ও মাসিক ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাদের কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর পাশাপাশি টাকা নেওয়ার অভিযোগ উঠল তথ্য ও সম্প্রচার দপ্তরের কর্মীর বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলা তথ্য দপ্তরের কর্মী অমিও কুমার জানার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন জেলার বিভিন্ন ব্লকের মহিলা লোকশিল্পিরা। ইতিমধ্যে রায়গঞ্জ থানায় অমিও জানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন লোকশিল্পিরা। অভিযুক্ত ওই কর্মীকে তার কাজ থেকে সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছেন উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সম্প্রচার দপ্তরের আধিকারিক অরুনাভ মিত্র।
তিনি এও জানিয়েছেন, পুলিশ আইনানুগ যা ব্যাবস্থা নেওয়ার সেটাই নেবে। দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সম্প্রচার দপ্তরের জুনিয়ার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত অমিও কুমার জানা জেলার মহিলা লোকশিল্পিদের সরকারি ভাতা ও শিল্পি কার্ড করে দেওয়ার নাম করে টাকা তোলার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানী ও কুপ্রস্তাব দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। এদিন রায়গঞ্জের এক মহিলা লোকশিল্পী নবনীতা সাহা সহ একাধিক শিল্পী অমিও জানার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নবনীতা দেবীর অভিযোগ, তথ্য দপ্তরের কর্মী অমিও জানা তাকে ফোন করে কুপ্রস্তাব দেয়। সে রাজী হলে তাকে শিল্পী কার্ড করে ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এরপরেই নবনীতা দেবী সহ অন্যান্য লোকশিল্পীরা তথ্য দপ্তরের কর্মী অমিও জানার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর পাশাপাশি তারা উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সম্প্রচার আধিকারিক অরুনাভ মিত্রের কাছেও লিখিত অভিযোগ জানান। শুধু নবনীতা সাহাই নন অমিও জানার শিকার হয়েছেন আরও অনেকেই।এর মধ্যে একজন অপর্না বর্মন নামে এক মহিলা লোকশিল্পীও অভিযোগ করে বলেন, অমিও জানা তাকে কার্ড ও ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কুপ্রস্তাবও দেয়। তার অভিযোগ, গ্রামের মহিলাদের নিজে একজন তথ্য দপ্তরের অফিসার হিসাবে পরিচয় দিয়ে তাদের কাজ করে দেওয়ার প্রলোভন দেখায়। বিনিময়ে কারও কাছে টাকা আবার কোনও মহিলাকে কুপ্রস্তাবও দিয়েছেন। অভিযোগ, অমিও জানা জেলায় বহু লোকশিল্পীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার পাশাপাশি বহু মহিলা লোকশিল্পীদের সহবাসের কুপ্রস্তাব দিয়েছেন। তাদের দাবি অবিলম্বে অভিযূক্ত সরকারি কর্মী অমিও জানার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হক। এদিকে রায়গঞ্জ থানায় পুলিশ অমিও কুমার জানাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।